ঢাবিতে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ চালু করা হয়েছে। প্রতিবছর দেশের একজন বরেণ্য শিল্পীকে এই স্বর্ণপদকে ভূষিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুরি বোর্ড শিল্পী নির্বাচনের দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার স্বর্ণপদকটি চালুর জন্য প্রয়াত নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমের ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম দৌলা ৬০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন। এসিআই ফাউন্ডেশন এই অর্থ প্রদান করেছে।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. লীনা তাপসী, এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা এবং প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের দুই ছেলে শাফিন আহমেদ ও হামীন আহমেদ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্বর্ণপদক প্রবর্তনে আর্থিক অনুদানের জন্য এসিআই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। এই উদ্যোগের ফলে দেশের সংগীত জগৎ আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশের প্রথিতযশা নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই গোপালগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর তিনি ঢাকায় মারা যান।

এসআর/ এমএসএম