সাত মাস পর সচিব সভা, প্রকল্প বাছাইয়ে সতর্ক থাকার পরামর্শ

সাধারণত মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে প্রতি মাসে একবার সচিব সভা অনুষ্ঠিত হয়। কিন্তু বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর আজ সোমবার (২৪ জুলাই) প্রথম এই সভা অনুষ্ঠিত হলো। তবে মন্ত্রিপরিষদ সচিব এই বৈঠককে ‘সচিব কমিটি’র বৈঠক না বলে ‘প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি’র বৈঠক বলে উল্লেখ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে মন্ত্রপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘প্রকল্প বাছাই ও অর্থায়নের ক্ষেত্রে সচিবদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেইসঙ্গে বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগ কোন খাতে যাচ্ছে; তা পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।‘ 

এদিকে মন্ত্রিপরিষদ সূত্রে জানা যায়, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিতেই মূলত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে হঠাৎ এই সভা ডাকা হয়। এছাড়া নির্বাচনের আগে সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার বিষয়েও নির্দেশনা থাকবে এই বৈঠকে।

যদিও বৈঠকে নির্বাচন সংক্রান্ত বা মাঠ প্রশাসনের জন্য কোনও নির্দেশনা ছিল না বলে জানান মাহাবুব হোসেন। তিনি বলেন, ‘এটি সচিবদের নিয়ে নিয়মিত বৈঠক।’