মাহফুজ আনামের বিরুদ্ধে মামলায় গণসংহতি আন্দোলনের নিন্দা

মাহফুজ আনামের পাশে গণসংহতি আন্দোলনডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন জায়গায় হওয়া মামলাকে হয়রানিমূলক তৎপরতা হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি মনে করে, চাপে ফেলে আনুগত্য আদায়ের তৎপরতা গণমাধ্যমের ভূমিকাকে আরও খর্ব করবে।
বুধবার রাতে সংহতি নেতা আবু বকর রিপন স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, দলটির কেন্দ্রীয় পরিচালনা কমিটি মনে করে মাহফুজ আনামের বিরুদ্ধে সরকার এবং সরকারের পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত কর্মকাণ্ড এদেশের গণমাধ্যমের জন্য অশনিসংকেত। এভাবে চাপে ফেলে আনুগত্য আদায়ের জবরদস্তিমূলক তৎপরতা স্বৈরতান্ত্রিক শাসনেরই সুস্পষ্ট প্রকাশ।
বিবৃতিতে দলটির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও কেন্দ্রীয় সমন্বয় পরিষদের অন্যতম নেতা অ্যাডভোকেট আবদুস সালাম, ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল, তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু ও আরিফুল ইসলামের নাম উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের তৎপরতায় এটা পরিস্কার যে, তারা মাহফুজ আনামের মতো একই ভুল করা আর সব সংবাদপত্র ও সম্পাদককে শাস্তি দিতে চায় না। বরং তারা সুনির্দিষ্টভাবে বিশেষ বিশেষ সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়। তাদের আসল বাসনা কোনও সংবাদপত্র যেন সরকারের কাজকর্মের সমালোচনা না করে। সাম্প্রতিক সময়ে একই লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞাপন বন্ধে ব্যাবসায়ীদের ওপর চাপ সৃষ্টির ঘটনা ঘটেছে। 

/এসটিএস/এসএম/