বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী হিসেবে বঙ্গমাতার স্বতঃস্ফূর্ত ভূমিকাতেই স্বাধীনতা পূর্ণতা পেয়েছে: স্পিকার 

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৪ বছরের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা।’ বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী হিসেবে বঙ্গমাতার স্বতঃস্ফূর্ত ভূমিকাতেই এদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনস্থ পার্লামেন্ট এলডি হলে ‘মহিয়সী নারী বঙ্গমাতা শহীদ বেগম ফজিলাতু নেছা মুজিবের’ ৯৩তম জন্মবার্ষিকী পালন এবং 'বঙ্গমাতা সম্মাননা পদক' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। 

বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. পারভীন হক শিকদার এমপি'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন মাহমুদ এবং শুভেচ্ছা বক্তব্য দেন ব্যারিস্টার নাঈম হাসান। সম্মানীত আলোচক হিসেবে বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য মো. আতাউর রহমান প্রধান বক্তব্য দেন।  

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বঙ্গমাতা খুবই সাধারণ জীবনযাপন করতেন। বঙ্গবন্ধু কারারুদ্ধ থাকাকালে তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সার্বিক পরামর্শ ও দিক নির্দেশনা দিয়েছেন।’ এসময় স্পিকার নারী কল্যাণে অবদান রাখায় ‘বঙ্গমাতা সম্মাননা পদক’ প্রদানের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।  

স্পিকার নারীর কল্যাণে বিশেষ অবদান রাখায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এবং নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভীকে ‘বঙ্গমাতা সম্মাননা পদক’ প্রদান করেন। মেয়র সেলিনা হায়াত আইভীর পক্ষে তার ছোটভাই আহম্মদ আলী উজ্জ্বল সম্মাননা পদক গ্রহণ করেন।

এসময় সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, আদিবা আনজুম মিতা, অপরাজিতা হকসহ মহিলা আওয়ামী লীগের নেতা, বাংলাদেশ ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বেসিক ব্যাংকের বঙ্গমাতা পরিষদের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।