উত্তরায় গ্যাসের চুলা বিস্ফোরণ

দুই সন্তানের পর চলে গেলেন বাবাও

-রাজধানীর উত্তরায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনেওয়াজ (৫০) মারা গেছেন। শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মুরশেদ ও ডা. জাকারিয়া। আগুনে প্রকৌশলী শাহনেওয়াজের শরীরের ৯৫ ভাগ পুড়ে যায় বলেও জানিয়েছেন তারা।
উত্তরায় গ্যাসের চুলা বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জন।
এর আগে শুক্রবার সকালে প্রকৌশলী শাহনেওয়াজের বড় দুই ছেলে সারলিন (১৫) আর জারিফ (৯) মারা যান। এছাড়া হাসপাতালের বিছানায় এখনও মারাত্মক দগ্ধ অবস্থায় কাঁতরাচ্ছেন তার স্ত্রী সুমাইয়া আক্তার।
উল্লেখ্য, শুক্রবার ভোরে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির সপ্তম তলার ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে তার আগেই সব শেষ। একটি সংসার পুড়ে ছাই হয়ে গেছে। গত ২০ ফেব্রুয়ারি মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনেওয়াজ (৫০) তার পরিবার নিয়ে ওই ভাড়া বাসায় উঠেছিলেন।

এমএম/এসএম/ এপিএইচ/