গ্রাম আদালতে ‘নাবালক’ শব্দটি বদলে ‘শিশু’ করা হচ্ছে

‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৩’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগের আইনের কয়েকটি জায়গায় থাকা ‘নাবালক’ শব্দটি বদলে নতুন আইনে ‘শিশু’ করা হচ্ছে। 
সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

সচিব জানিয়েছেন, নতুন আইনে গ্রাম আদালতে জরিমানা করার ক্ষমতা ৭৫ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করতে যাচ্ছে সরকার। এজন্য ‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি বলেন, চেয়ারম্যানসহ পাঁচজনের সমন্বয়ে গঠিত হয় গ্রাম আদালত। যে কোনও সময় এই আদালতের একজন সদস্য অনুপস্থিত থাকলে আদালতের সদস্য সংখ্যা চারজন হয়ে যায়। তখন ভোটাভুটি হলে চেয়ারম্যানের ক্ষমতা রাখা হয়েছে।

এছাড়া আগের আইনের কয়েকটি জায়গায় থাকা ‘নাবালক’ শব্দটি বদলে ‘শিশু’ করা হচ্ছে জানান মন্ত্রিপরিষদ সচিব।