এক-এগারোর ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবি সংসদে




সংসদ অধিবেশনসেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন গঠনের দাবি উঠেছে জাতীয় সংসদে। রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারের মন্ত্রী ও এমপিরা এ দাবি তোলেন। এ সময় তারা ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামেরও বিচার দাবি করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘মাহফুজ আনামের স্বীকারোক্তির মধ্য দিয়ে এক-এগারোর সময়কার শাসনে রাজনীতিবিদদের নিয়ে কী ধরনের অপপ্রচার চালানো হয়েছিল তা বেরিয়ে এসেছে। আমি বলবো, কেবল এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নয়, ওয়ান-ইলেভেনের সমস্ত ঘটনা বোঝার জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হোক।’
পরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘এক-এগারোতে কী হয়েছিল, তার তদন্ত হওয়া উচিত। রাশেদ খান মেনন কমিশন গঠনের কথা বলেছেন। যারা বড় বড় কথা বলেন, তাদের মুখোশ উন্মোচিত হওয়া উচিত। কারণ নাগিন এখনও নিঃশ্বাস ফেলছে।’
ডেইলি স্টার সম্পাদকের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘মাহফুজ আনাম একজন সাংবাদিক। রাজনীতিবিদরা, সরকারি কর্মচারীরা ভুল করলে জেল হয়। উনি ভুল করে সরি বললেন, তারপর সব ভুলে গেলেন। যারা নির্যাতিত হয়েছেন তারা সুস্থ হয়ে যাবেন? রাজনীতিবিদদের চরিত্র হনন করা হলো, ছাত্রদের হত্যা করা হলো, আর উনি সরি বললেন।’

আওয়ামী লীগের আ ফ ম বাহাউদ্দিন নাসিম মাহফুজ আনামকে ‘আত্মস্বীকৃত দোষী সাংবাদিক’ আখ্যা দিয়ে বলেন, ‘মাহফুজ আনাম গংদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মানুষ আইনি প্রক্রিয়া শুরু করেছে। এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য আরও যারা এই দুষ্ট চক্রের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এজন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। এ কমিশনের মধ্য দিয়ে অপকর্মকারীদের চিহ্নিত করতে হবে। কারণ তাদেরকে বিচারেরও আওতায় এনে দেশের ১৬ কোটি মানুষের স্বার্থ রক্ষা করতে হবে। এক-এগারোর কুশীলবরা যে চরিত্রেরই হোন, যে পেশারই হোন না কেন, এই দুষ্ট চক্রকে বিচারের আওতায় আনতে হবে।’

/ইএইচএস/এসএম/এজে/