নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ বাড়লো। আগামী ১৫ মার্চ পর্যন্ত এ মেয়াদ বৃদ্ধি করেছেন আপিল বিভাগ।
সোমবার (২৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।
এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের আন্দোলনের সময় নাশকতার অভিযোগ এনে পল্টন থানায় মামলা করে পুলিশ। এসব মামলায় ফখরুলের আবেদেন পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
এ আদেশের বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ শুনানি করে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেন। জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। এছাড়াও হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে বলেন। এরপর ফখরুল হাইকোর্টের জামিনরে মেয়াদ চ্যালেঞ্চ করে আপিলে বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। কয়েকবার শুনানি করে আজ আপিল বিভাগ এ আদেশ দেন।
ফখরুলের আইনজীবীদের দাবি, রুল নিষ্পত্তির মাধ্যমে সাধারণত মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন হয়। কিন্তু এখানে মাত্র তিনমাসের জামিন দেওয়া হয়েছে। এ কারণে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে মির্জা ফখরুল গত ৭ জানুয়ারি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন।
গত ১৫ ফেব্রুয়ারি এ আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। শুনানি করে আজ আপিল বিভাগ এ আদেশ দেন।
/ইউআই/এসটি/