বাংলাদেশ-সৌদি সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় সৌদি শুরা কাউন্সিল

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ-সৌদি পার্লামেন্ট ফ্রেন্ডশিপ কমিটির কো-চেয়ারম্যান খালেদ এম আল বাওয়াদ। তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ক আরও বৃদ্ধির সুযোগ রয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) এ মজলিসে শুরায় অনুষ্ঠিত এক বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বে সৌদি আরবের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, সংস্কার এবং আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি রিয়াদে ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ আয়োজনের এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় সৌদি সরকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, এটি অবশ্যই বিশ্ব পর্যায়ে সৌদি আরবের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

এ সময় শুরা সদস্য খালেদ এম আল বাওয়াদ বলেন, সৌদি আরবে বাংলাদেশের বিশাল সংখ্যক শ্রমিক যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করছেন ও সৌদি অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে সহায়তা করছেন। এ ছাড়াও তারা দুই দেশের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশি শ্রমিকদের সৌদি আরবে কাজের সুযোগ করে দেওয়ার জন্য সৌদি নেতৃত্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ-সৌদি পার্লামেন্ট ফ্রেন্ডশিপ কমিটি সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি কৌশলগত সম্পর্কে উন্নীত করতে ভূমিকা রাখবেন।

তিনি জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার সৌদি সরকারকে আমাদের নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণ পাঠিয়েছেন। 

১২তম জাতীয় নির্বাচনের পর, সংসদীয় মৈত্রী কমিটির জন্য বাংলাদেশের সদস্য নির্ধারণ হওয়ার পর এই কমিটির নিয়মিত বৈঠক এবং নিয়মিত সফর ও মতবিনিময়ের জন্য আহ্বান জানান রাষ্ট্রদূত।

এ সময় সৌদি মৈত্রী কমিটির সভাপতি খালেদ এম আল বাওয়াদ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে মর্মে আশা প্রকাশ করেন এবং বাংলাদেশের সংসদের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে তার কমিটি কাজ করবে মর্মে জানান।