নেপালের বিদ্যুৎ আমদানিতে ব্যবহার হবে ভারতীয় গ্রিড

নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এ বিদ্যুৎ আমদানি করার কথা ভাবা হচ্ছে। এই বিদ্যুৎ আমদানির জন্য ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করার কথাও ভাবা হচ্ছে।

বুধবার (৬ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভারতীয় গ্রিড ব্যবহার করে জলবিদ্যুৎ আমদানির এমন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এসব তথ্য জানিয়েছেন।

বৈঠকের আলোচনায় উঠে আসে, নেপাল শীতকালে বাংলাদেশ থেকে বিদ্যুৎ নিতে আগ্রহী। শীতে নেপালে বিদ্যুতের চাহিদা বেশি থাকে, অন্যদিকে বাংলাদেশে চাহিদা কম থাকে। এ কারণে বিষয়টি ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে বছরে ব্যয় হবে ১৩০ কোটি টাকা। এই বিদ্যুৎ আসতে ভেড়ামারার এইচভিডিসি সাব-স্টেশন ব্যবহার করা হবে। ভেড়ামারার এইচভিডিসি সাব-স্টেশনের এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার সক্ষমতা রয়েছে। তবে বর্তমানে এ সাব-স্টেশনের মাধ্যমে সর্বোচ্চ ৯৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা সম্ভব হচ্ছে।

সাব-স্টেশনটির অব্যবহৃত ক্ষমতা ব্যবহার করে নেপাল থেকে ভারতের সঞ্চালন লাইনের মাধ্যমে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করা সম্ভব। নেপালের সঙ্গে প্রাথমিক আলোচনায় এ প্রক্রিয়ায় বিদ্যুৎ আমদানিতে তা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ ভারত থেকে তিনটি সঞ্চালন লাইনের মাধ্যমে দুই হাজার ৬৫৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে।