আওয়ামী লীগ প্রার্থী বরিশাল-৪ আসনে ড. শাম্মী আহমেদ, ফরিদপুর-৩ আসনে শামীম হক এবং স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে ইসি।
বরিশাল-৪ আসনে মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগ প্রার্থী শাম্মী আহমেদের আপিল নিষ্পত্তি করতে তার অস্ট্রেলিয়ায় দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য প্রদান করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে কমিশন। তথ্য পেলে বৃহস্পতিবার আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করবে। চিঠিতে ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে তথ্য প্রেরণের অনুরোধ জানানো হয়।
এদিকে বুধবার চতুর্থ দিনের আপিল শুনানিতে ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল কালাম আজাদের (এ কে আজাদ) আপিল শুনানিটি স্থগিত করে যুক্তরাষ্ট্রে তার দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে ইসি। পৃথক চিঠিতে একই আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের নেদারল্যান্ডসের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দেওয়া হয়েছে।