অভিযোগপত্র গ্রহণ আদেশের জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এর আদালত। বুধবার এই অভিযোগপত্র আদেশের জন্য দিন ধা্য থাকলেও বিচারক নতুন দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করায় ২৯ যাত্রী দগ্ধ হন । পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় নূর আলম (৬০) নামে এক যাত্রী মারা যান।
ওই বছরে ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এম. নুরুজ্জামান ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫ (ঘ) ধারায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বশির উদ্দিন এ মামলায় ৮১ জনকে সাক্ষী করে এবং ৩৮ জনকে আসামি করে আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, এ অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখানো হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয় আদালতে।
অভিযোগপত্রে অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৩৮ জন।
টিএইচ/এপিএইচ/