নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ১৬ লাখ সরকারি কর্মচারী

প্রায় আট লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থেকে ভোটগ্রহণ করবেন। এছাড়া এক লাখ কর্মচারী স্ট্যান্ডবাই থাকবেন। সেইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্য মাঠে রয়েছে।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) হোটেল সোনারগাঁয়ে দেশি ও বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন করার পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থা— আনসার ও ভিডিপি, পুলিশ, র‌্যাব, আর্মি, নেভি, কোস্টগার্ড সব মিলিয়ে প্রায় আট লাখ বাহিনী মাঠে রয়েছে। ভোট শেষ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।

এটি একটি বড় কর্মযজ্ঞ। আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য প্রায় তিন হাজার ম্যাজিস্ট্রেট ও বিচারক মাঠে আছে একং থাকছে বলে তিনি জানান।

৭ জানুয়ারি সহিংসতা আশা করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি আমি বলতে পারবো না।’

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ২৭টি রাজনৈতিক দলের ১৫১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৪০৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।