জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারা বিশ্ব অবাধ তথ্য প্রবাহের সময় অতিক্রম করছে। বাংলাদেশও কোনও অংশে পিছিয়ে নেই। প্রতি মুহূর্তের সংবাদ পরিবেশন, সংবাদ সম্মেলন ও বিভিন্ন প্রশিক্ষণের জন্য মিডিয়া সেন্টার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক স্টেশন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের জাতীয় সংসদ ভবনে সংস্কারোত্তর মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘পার্লামেন্ট বিটের সাংবাদিকরা দেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি নিবিড়ভাবে অধ্যয়ন ও পর্যালোচনা করে সংসদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সংবিধানের মূলনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ন রেখে গণমাধ্যম জনমত গঠনে একটি কার্যকরী মাধ্যম।’
স্পিকার বলেন, ‘গণমাধ্যম প্রতিনিধিদের সহযোগিতার জন্য মিডিয়া সেন্টারকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদের চিফ হুইপ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের প্রতীক। সংসদীয় গণতন্ত্র সমুন্নত ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মিডিয়ার বহুমাত্রিক ভূমিকা রয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ সাইমুম সারওয়ার কমল, হুইপ নজরুল ইসলাম বাবু ও হুইপ মাশরাফি বিন মুর্তজা।