‘জাতীয় গণজাগরণ গড়ে তুলে সুন্দরবন রক্ষা’য় ১০-১৩ মার্চ ২০১৬ সুন্দরবন অভিমুখী জনযাত্রা সফল করার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। এই লংমার্চ সফলে মতবিনিময় সভাও করেছে সংগঠনটি।
শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ প্রগতি সম্মেলন কক্ষে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লেখক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, প্রকৌশলী কল্লোল মোস্তফা, অধ্যাপক মুশাহিদা সুলতানা, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, জাহাঙ্গীর আলম ফজলু, খান আসাদুজ্জামান মাসুমসহ অনেকে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে ১০-১৩ মার্চ সুন্দরবন অভিমুখী জনযাত্রাকে সামনে রেখে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সুন্দরবন রক্ষায় জাতীয় মহাজাগরণ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
সভায় বক্তারা জনমতকে উপেক্ষা করে সুন্দরবন বিধ্বংসী রামপাল ও ওরিয়নের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কার্যক্রম অব্যাহত রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সরকার জনস্বার্থকে উপেক্ষা করে দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত।
তারা আরও বলেন, যেখানে অর্থমন্ত্রী স্বীকার করেছেন যে এই প্রকল্প হলে সুন্দরবনের ক্ষতি হবে তারপরেও কেন এই প্রকল্প, কার স্বার্থে এই প্রকল্প?
তাদের আশঙ্কা, বিভিন্ন স্থাপনার কারণে রামপালে এই বিদ্যুৎ প্রকল্প হলে সুন্দরবনকে আর রক্ষা করা যাবে না।
/এসটিএস/এসটি/