ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীমফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানে বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শনসহ নির্বাচন প্রভাবিত করার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‌আবদুল আলিমের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানে বাধা ও ভয়ভীতি প্রদর্শন, বেআইনি কার্যক্রম, গণতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যহতকরণ, জনগণের মধ্যে ভীতি সঞ্চার, নির্বাচন কমিশন ও সরকারের ভাবর্মূতি নষ্ট করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
তার কার্যক্রমকে উপজেলা আইন অনুযায়ী ক্ষমতার অপপ্রয়োগ এবং জনস্বার্থের পরিপন্থী ও রাষ্ট্রের স্বার্থ হানিকর উল্লেখ করে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত ২ মার্চ নির্বাচন কমিশন ‍উপ সচিব শামসুল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে আবদুল আলিমকে বহিষ্কার করতে কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। একইদিনে অপর এক চিঠিতে ফেনীর পুলিশ সুপারকে এই উপজেলা চেয়ারম্য্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আমাদের ফেনী প্রতিনিধি জানিয়েছেন, কমিশনের ওই নির্দেশনার প্রেক্ষিতে ফুলগাজী উপজেলায় তার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আবদুল আলিম বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
ইএইচএস/এপিএইচ/