মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আপিলের রায়েও মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন প্রসিকিউশন। অন্যদিকে মীর কাসেমের পরিবার জানিয়েছে, তারা লিখিত প্রতিক্রিয়া জানাবে। আপাতত ‘নো কমেন্টস’।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা সন্তুষ্ট। যে দুইটি অভিযোগে ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দিয়েছিলেন তারমধ্যে একটিতে ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ।’
রায় প্রসঙ্গে সৃষ্ট হওয়া উদ্বেগ উৎকণ্ঠার বিষয়ে তিনি বলেন, ‘কেউ কেউ ভাবছেন, এই বিচার তাদের কারণেই এগিয়ে যাচ্ছে। যা মোটেও ঠিক না। মানবতাবিরোধীদের বিচার কখনও শুরুই হতো না যদি না সরকার শুরু করতো। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিচারকে কঠোর চিত্তে এগিয়ে না নিতেন তাহলে এতোদূর এগুনো সম্ভব হতো না।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজ বলেন, ‘অনেক তর্ক-বিতর্ক তোলার চেষ্টা হয়েছে এই রায়কে ঘিরে। আজকের রায়ে আমরা সন্তুষ্ট। কারণ আমরা যেভাবে ট্রায়ালে যুক্তিতর্ক হাজির করেছিলাম সেগুলো উচ্চ আদালতেও টিকে গেল। এ ধরনের ঘৃণ্য অপরাধীদের মৃত্যুদণ্ড হওয়ায় আমরা খুশি।’ আপিল শুনানির সময় প্রসিকিউশনের দক্ষতা নিয়ে আপিল বিভাগের প্রশ্ন উত্থাপন প্রসঙ্গে তুরিন বলেন, ;আমরা পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলে অবশ্যই দেখব কোন জায়গাগুলোতে আমাদের সুকৌশলী হওয়া দরকার ছিল। আপিল বিভাগ অভিভাবক হিসেবে যেসব বিষয়ে বলবেন আমরা অবশ্যই সেগুলো শুধরে নেব।’
/ইউআই/এসটি/