মীর কাসেমের রায়ের প্রতিবাদে কাল হরতাল ডেকেছে জামায়াত

আপিলেও মানবতাবিরোধী অপরাধী মীর কাসমে আলীর ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদ এবং আটক সব জামায়াত নেতাকে মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়ছে, সরকার ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের একের পর এক হত্যা করছে। সরকারি ষড়যন্ত্রের শিকার মীর কাসেম আলী। সরকার মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে মীর কাসেম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে নিজেদের দলীয় লোকদের দিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করছে।

মাননীয় আদালত সরকারের দায়ের করা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীর ভিত্তিতে আজ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে রায় ঘোষণা করেছেন তা একটি ন্যায়ভ্রষ্ট রায়। এ রায়ে মীর কাসেম আলী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এ রায়ের বিরুদ্ধে তিনি রিভিউ আবেদন করবেন। ন্যায়বিচার নিশ্চিত হলে তিনি খালাস পাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

/এসটি/