রায়ে সরকার ও দেশের জনগণ সন্তুষ্ট: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

আপিলেও মানবতাবিরোধী অপরাধী মীর কাসেমের ফাঁসির রায় বহাল থাকায় সরকার ও বাংলাদেশের জনগণ সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।  

মন্ত্রী বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা এই রায় বাস্তবায়ন করতে পারবো। পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করা যাবে। এর মধ্যে তারা যদি রিভিউ পিটিশন দায়ের না করেন, তাহলে নির্ধারিত সময় শেষে রায় বাস্তবায়ন করা হবে। আর যদি রিভিউ পিটিশন করে তাহলে আমরা আইনি লড়াই শেষে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেবো।’

খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিষয়ে আদালতের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা বিচারাধীন বিষয়। এ ব্যাপারে আমার বলার কিছু নেই। তবে সবার কাছে বিনীত অনুরোধ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটা ইন্সটিটিউট। বিচারপতিরা এ ইন্সটিটিউটের অংশ। যখন আদালতের কোনও বিষয় তাদের অধীনে থাকে। তখন ওইসব বিষয় নিয়ে কারও কথা বলা ঠিক না।’

রায়ের ব্যাপারে কোনও চাপ ছিল কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক সরকার। এ সরকারের আমলে বিচার বিভাগের স্বাধীনতা বেশি। সরকার এখানে হস্তক্ষেপ করে না।’

মন্ত্রীদের বক্তব্য নিয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘গতকালই শুনেছেন এ বক্তব্য সরকারের না। এটা নিয়ে কোনও আস্থাহীনতার সুযোগ নেই।’

/ওএফ/এসটি/