বিচারক নিয়ে মন্তব্য করায় আগামী ১৫ মার্চ সকাল ৯টায় খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আদালতে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেছেন আপিল বিভাগ। এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘টিভিতে দেখলাম আদালত আমাকে তলব করেছেন। কাগজ নিশ্চয়ই পাবো। আমি আদালতে অবশ্যই যাবো এবং আদালতের সব প্রশ্নেরও জবাব দেবো।’
নিজ মন্ত্রণালয়ে বসে তিনি আরও বলে, ‘আজ আমি সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফরে যাচ্ছি। যা পূর্ব নির্ধারিত। দেশে ফিরবো আগামী ১৬ বা ১৭ মার্চ। তাই সময় মতো হয়তো আমি আদালতে হাজির হতে পারবো না। এজন্য আমার আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করবো।’
আদালত নিয়ে মন্তব্য প্রসঙ্গে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘মন্ত্রী হিসেবে নয়, ১৬ কোটি মানুষের একজন ও একজন বিচারপ্রার্থী হিসেবে আমি এ বক্তব্য দিয়েছিলাম। এটা আমার নিজস্ব ও একজন বিচারপ্রার্থী হিসেবে দেওয়া বক্তব্য।’
আপিল বিভাগে মীর কাসেম আলীর মৃতুদণ্ড বহাল রায়ের বিষয়ে তিনি বলেন, ‘এই রায়ে আমি স্বস্তি প্রকাশ করছি। মৃত্যুদণ্ড বহাল রাখার রায়ে আমাদের আরেকটা সফলতা এসেছে।’
/ওএফ/এসএনএইচ/এসটি/