‘পুরুষেরা সহযোগিতার হাত বাড়ালেই নারীরা ভালো থাকে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী দিবসের র‌্যালিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, সমাজে পুরুষেরা সহযোগিতার হাত বাড়ালেই নারীরা ভালো থাকে। এ জন্য নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠায় পুরুষের সহমত ও সহযোগিতা প্রয়োজন।
মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।
‘প্লানেট ফিফটি-ফিফটি বাই ২০৩০: স্টেপ ইট আপ  ফর জেন্ডার ইক্যুয়ালিটি’ শীর্ষক আলোচনা সভায় দেশের প্রথম নারী উপাচার্য আরও বলেন,‘নারী ও শিশুর অধিকার রক্ষায় বাংলাদেশ সাম্প্রতিককালে ব্যাপক উন্নতি অর্জন করেছে। বাংলাদেশে শিশু মৃত্যু, মাতৃ মৃত্যু ও বাল্য বিবাহ কমে এসেছে। নারী-পুরুষের সমতা কোনও কোনও ক্ষেত্রে দৃশ্যমান হলেও বাস্তবে এর ভেতর ফাঁক থাকে। এই ফাঁকগুলো পূরণ করার ক্ষেত্রে সকলকে একযোগে কাজ করতে হবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার।
আলোচনা সভা শেষে নারী অধিকার বিষয়ক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এর আগে সকাল দশটায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে ‘নারী-পুরুষের সমতায়, গড়ে তুলি সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপাচার্য, প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, মহিলা ক্লাব, স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষকরা অংশগ্রহণ করেন।

 

এপিএইচ/