চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে রফতানি বাড়ানো এবং চীনের বিনিয়োগ ও অবকাঠামো নির্মাণ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার (২৪ জুন) চীনের কম্যুনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরের প্রাক্কালে তিনি বাংলাদেশ সফরে এলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের কার্যকর ভূমিকা বৃদ্ধির জন্য আহ্বান জানান।
লিউ জিয়ানচাও সাংবাদিকদের বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরে স্বাগত জানাই। বাংলাদেশে পণ্য উৎপাদন, বিনিয়োগ বৃদ্ধি ও অবকাঠামো নির্মাণে আরও সহযোগিতা দিতে চীন প্রস্তুত। বিশেষ করে ওষুধ, সিরামিক, চামড়াজাত পণ্য রফতানির ক্ষেত্র প্রসারে সহযোগিতা চাওয়া হয়।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইতালির পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎ
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম পশ্চিম ইউরোপের দেশ হিসেবে ইতালির ভূমিকার কথা স্মরণ করেন। একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতালির দ্বিতীয় পলিটিক্যাল কনসালটেশনে কো-চেয়ার হিসেবে যোগ দিতে আসা ইতালির পররাষ্ট্র সচিব রিকার্ডো গুয়ারিগ্লিয়াকে স্বাগত জানান।