স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলনকারীদের ভুল পথে নেওয়া হচ্ছে। কারণ, শিক্ষার্থীদের ভুল পথে নেওয়ার লোকের অভাব নেই। তিনি বলেন, ‘আন্দোলনকারীদের কারা উসকানি দিচ্ছে সেটা তদন্তে বেরিয়ে আসবে।’
রবিবার (১৪ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চলমান কোটা আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা এসব না বুঝেই করছে। আদালত বলেছেন এ বিষয়ে আগামী ৮ আগস্ট শুনানি হবে। আদালত শিক্ষার্থীদেরও শুনানিতে অংশগ্রহণ করতে বলেছেন। এখন আদালতের কথা না শুনে তারা রাস্তা অবরোধ করছে। কোটার বিষয়টি তো এখন সরকারের হাতে নেই। সব কিছুই বিচার বিভাগের হাতে।’
কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। তদন্তের পর যদি দেখা যায় সেটার মেরিট নেই, তাহলে সেটি বাতিল হয়ে যাবে। আর মেরিট থাকলে বিচার শুরু হবে। আন্দোলনকারীদের কারা উসকানি দিচ্ছে সেটাও তদন্তে বেরিয়ে আসবে। ঘটনা ঘটলে সেটি তদন্ত করা হবে। তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তদন্তের আগে আমি কিছু বলতে পারছি না।’