বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই অসহযোগ আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেখানে যান। তিনি হাসপাতালে আহতদের সার্বিক খোঁজখবর নেন।
প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থান করেন প্রধান উপদেষ্টা। পরে রাত পোনে ১১টার দিকে হাসপাতাল ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদসহ আরও কয়েকজন উপদেষ্টা।
এর আগে, রাত সাড়ে ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।