সব মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আলোচনা শুরু হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরও সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। কীভাবে শিক্ষার্থীদের এই কাজে সম্পৃক্ত করা হবে, সেই কাঠামো কী হবে, সেটি পরে ঠিক করা হবে।

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান নতুন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় তার পাশে ছিলেন সরকারের দুই নতুন উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দিনের বৈঠকের আলোচনা বিষয়ে সাংবাদিকদের জানাতে গিয়ে বলেন, ‘সব মন্ত্রণালয়ে শিক্ষার্থীরা কীভাবে সম্পৃক্ত থাকবেন, সেই কাঠামো কী হবে সে বিষয়ে আলোচনা হয়েছে।’

শিক্ষার্থীরা কীভাবে সম্পৃক্ত হবেন, জানতে চাইলে ছাত্র-প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়া নাহিদ ইসলাম বলেন, এর প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত আগেও ছিল; সেটি হলো ‘সহকারী উপদেষ্টা’ বা এ রকমভাবে কোনও পদায়ন করে মন্ত্রণালয়ে ছাত্রদের তদারকির সুযোগ থাকা; সেই ব্যবস্থাটি থাকবে।

উপদেষ্টা পরিষদে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের মনোনীত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একই সঙ্গে পর্যবেক্ষণ ও তদারকির জন্য এবং ছাত্রদের কণ্ঠ থাকার জন্য দুজন ছাত্র প্রতিনিধিও এই উপদেষ্টা পরিষদে রয়েছে। এর পাশাপাশি সামনের দিনে ছাত্র প্রতিনিধিরা অন্য উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে কাজ করার সুযোগ পাবেন।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারে সদস্যসংখ্যা ১৭ জন।