সচিব পদের তিন কর্মকর্তাকে বদলি, জননিরাপত্তা সচিবকে অবসর

প্রশাসনের সচিব পদে তিন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমকে অবসরে পাঠানো হয়েছে। বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করা হয়।

এছাড়া, পরিকল্পনা কমিশনের ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে কৃষি সচিব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব করা হয়।

অপর একটি প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজনীয় বলে বিবেচনা করে। সেহেতু ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৫ ধারার ক্ষমতা বলে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।