খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু হয়েছে। রবিবার (১৮ আগস্ট) থেকে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি শুরু হয়। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওএমএস কর্মসূচিতে বর্তমানে প্রতি কেজি চালের ভোক্তাপর্যায়ে বিক্রয় মূল্য ৩০ টাকা। প্রতি কেজি খোলা আটার মূল্য ২৪ টাকা এবং প্যাকেট আটার ক্ষেত্রে দুই কেজির প্রতি প্যাকেটের মূল্য ৫৫ টাকা। এ কর্মসূচিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাল ও আটা বিক্রি করা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে ঢাকা মহানগর, শ্রমঘন চারটি জেলা (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী), অন্যান্য ১০টি সিটি করপোরেশন (চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা) এবং সব জেলা সদর পৌরসভার ৯৮৬টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান, মো. আবুল আমিন এবং মো. আবু নাসার উদ্দিনের নেতৃত্বে তিনটি টিম যথাক্রমে রেশনিং এলাকা ডি-৬, ডি-৭ ও ডি-৮ এর বিভিন্ন ওএমএস কেন্দ্রগেুলো পরিদর্শন করেছেন। এছাড়াও খাদ্য অধিদফতরের উপপরিচালক মো. এহসানুল হক, মো. সালেহ আজিজ এবং অনির্বাণ ভদ্রের নেতৃত্বে যথাক্রমে রেশনিং এলাকা ডি-২, ডি-৩ ও ডি-৪ এর বিভিন্ন ওএমএস কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে ওএমএসকেন্দ্রগুলোতে ব্যাপক ভোক্তার উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সন্তোষজনকভাবে বিক্রি কার্যক্রম চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।