বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে— দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা। সরকার এ চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে উপদেষ্টা এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান জানান, পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকে দুই দেশের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা সহজীকরণ, সরাসরি ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘটে যাওয়া বন্যার বিষয়ে অবহিত করা হলে বন্যাদুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূত আহমদ মারুফ।
বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব পাকিস্তানেও পড়েছে উল্লেখ করে পাকিস্তানের হাইকমিশনার বলেন, ‘ওই সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ-উৎসব করেছে।’ রাষ্ট্রদূত বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে রাখাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে দুজন একমত পোষণ করেন।
বিগত ১৫ বছরে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপড়েন পরিলক্ষিত হয়েছে, তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার। তাছাড়া দুই পক্ষ পারস্পরিক ভিসা সহজীকরণের বিষয়ে সম্মত হন। এসময় রাষ্ট্রদূত বলেন, ‘দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ফি ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবেন।’
হাইকমিশনার পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, সর্বশেষ ২০১৮ সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল— যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) অপারেট করতো।
বৈঠকে মানবপাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর কামরান ধাঙ্গল ও জাইন আজিজসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।