অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সরকারের এজেন্ডা বা সংস্কারের রূপরেখাকে দ্রুত জনগণের সামনে উপস্থাপনের তাগিদ দিয়েছেন বেশিরভাগ জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের এক মতবিনিময় সভায় এ তাগিদ দেওয়া হয়।
এদিন রাতে সম্পাদক পরিষদের পক্ষে সংগঠনটির সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পাদক পরিষদ বলেছে, এ বিষয়টি সম্পাদক পরিষদের দৃষ্টিগোচর হয়েছে। এ সম্পর্কে সংগঠনটির বক্তব্য হলো আজকের সভায় উপস্থিত সম্পাদকদের বেশিরভাগই সম্পাদক পরিষদের সদস্য। উপস্থিত সম্পাদকদের মধ্যে কেউ কেউ প্রধান উপদেষ্টার কাছে জানতে চাওয়ার প্রেক্ষিতে ব্যক্তিগত মতামত হিসেবে সরকারের মেয়াদ নিয়ে কথা বলেছেন। মতবিনিময় সভায় উপস্থিত বেশিরভাগ সম্পাদকই সরকারের মেয়াদ নিয়ে কিছু বলেননি। তারা দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনমানুষ ও কারখানার নিরাপত্তা এবং এ সরকারের এজেন্ডা বা রূপরেখাকে দ্রুত জনগণের সামনে উপস্থাপনের বিষয়ে বেশি তাগিদ দিয়েছেন।