এমনই এক দৃশ্যে অবতারণা হয় শনিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে। বিআরটিএ-এর মোবাইল কোর্ট তখন ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন। এ অভিযান দেখতে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রেডিসন হোটেলের বিপরীতে সিটি সার্ভিসের বাসগুলো যাত্রী ওঠানামা করছে। এমন সময় সেতুমন্ত্রী একটি বাসে চড়েন। চালক ভাবলেন আর দশটা যাত্রীর মতই তিনি। তাই তার কোনও প্রতিক্রিয়া হলো না। কিছুটা এগিয়ে মন্ত্রী বললেন, গাড়ির কাগজপত্র দেখান। বিআরটিএ-এর লোকজন মন্ত্রীর পরিচয় দিলেন। ভ্যাবাচ্যাকা খেলেন চালক। কিছুক্ষণ হা করে রইলেন। কিন্তু ততক্ষণে তার পরিণাম লিপিবদ্ধ হয়ে গেছে বিআরটিএ-এর মামলার কাগজে। অতিরিক্ত যাত্রী বহনের জন্য বাসটির বিরুদ্ধে মামলা দায়ের করল বিআরটিএ।
অভিযান চলাকালে মন্ত্রী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে গাড়িটি মিটারে চলছে কি না—তাও পরীক্ষা করেন। ঘণ্টাখানেক চলে তার এই সড়কে অবস্থান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিভিন্ন অপরাধে সকাল থেকে দুপুর পর্যন্ত ২২টি গাড়িকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৫টি বাস ডাম্পিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিআরটিএ-এর অভিযান অব্যাহত থাকবে।
/এমএনএইচ/