ক্ষমতা গ্রহণের পর বুধবার (৪ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি হবে। প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের অগ্রাধিকারগুলো মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সামনে তুলে ধরে তা বাস্তবায়নের নির্দেশনা দেবেন ড. মুহাম্মদ ইউনুস। বর্তমান প্রেক্ষাপটে সভাটিকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখছেন প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া সভায় আইনশৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
বৈঠক সংক্রান্ত চিঠি এরইমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারে রয়েছেন ২০ জন উপদেষ্টা।
সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিষয়ে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দেবেন তা পরিপালনে আমরা আমাদের সর্বোচ্চটাই দেবো।
বাণিজ্য সচিব সেলিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বৈঠকে সরকারের অভিভাবক হিসেবে বর্তমান সরকারের কর্মপরিকল্পনা এবং তা বাস্তবায়নের নির্দেশনা দেবেন। সেই নির্দেশনা মোতাবেক প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবো।