সেক্রেটারিয়েট ক্যু বা এ ধরনের কোনও কিছুর শঙ্কা নেই। তবে স্থবিরতা আছে। সেটা দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে। এই তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
তিনি বলেন, প্রশাসনে স্থবিরতা তো আছে। এটা আমরা লক্ষ্য করছি। আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি। এটা আমরা অস্বীকার করবো না।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, যেহেতু অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি আমাদের মোকাবিলা করতে হচ্ছে, তাই আমরা কোনও নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে নেই। ফলে আমাদের নানান দিক থেকে নানা সমস্যা আসছে। প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবি-দাওয়া আসছে। সেগুলো আমাদের মোকাবিলা করতে হচ্ছে। শ্রমিক অসন্তোষ চলছে।
তিনি বলেন, আমরা প্রশাসন ঢেলে সাজাচ্ছি। আমরা আশা করছি, প্রশাসনে যে স্থবিরতা সেটা দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে। আমরা ১০০ দিনের কর্মসূচি দিচ্ছি, সব মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে, ১০০ দিনের মধ্যে যেন সেই কাজগুলো বাস্তবায়ন করা হয়।