পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নের মাধ্যমে পাটজাত পণ্যের মোড়কের বহুল ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। পরিবেশ মন্ত্রণালয় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে পলিসি সহায়তা দেবে।’
রবিবার (১৫ সেপ্টেম্বর) মতিঝিলে বাংলাদেশ জুটমিলস অ্যাসোসিয়েশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘পরিবেশবান্ধব পাট খাত এবং পাটশিল্পের সমস্যা উত্তরণ’ বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পাট খাত দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ। পাটশিল্পের সংকট মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। পাটশিল্প টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ দরকার।
পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ধান, চাল ও গমের বস্তায় পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতে প্রথমে উদ্যোগ গ্রহণ করা হবে। পাটজাত পণ্যের বিস্তারে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।
সভায় বাংলাদেশ জুটমিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. আবুল হোসেন সভাপতিত্ব করেন। দেশের বিভিন্ন পাটকলের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা পাটশিল্পের বর্তমান পরিস্থিতি ও সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন।
পরে পরিবেশ উপদেষ্টা অটোব্রিকস মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা করেন।