নির্বাচন কমিশনের (ইসির) সার্ভারে থাকা ‘madness’ (অপ্রকৃতিস্থ বা পাগল) স্ট্যাটাসের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তালিকা চেয়েছে ইসি। রবিবার (২৯ সেপ্টেম্বর) ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনাটি মাঠ প্রশাসনকে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে এনআইডি ডাটাবেইজে কিছু সংখ্যক জাতীয় পরিচয়পত্র ‘Madness’ স্ট্যাটাসে রয়েছে। ভোটার নিবন্ধনের সময় ভুলক্রমে অসামর্থ্যতা/প্রতিবন্ধী প্রকৃতি ‘অপ্রকৃতিস্থ’ নির্বাচন করা হয়েছিল; বিধায় ওই সব ভোটারের স্ট্যাটাস ‘Madness’ হয়ে যায়। ফলে এই স্ট্যাটাসে থাকা এ জাতীয় পরিচয়পত্রধারী নাগরিকরা সব ধরনের নাগরিক সেবা হতে বঞ্চিত হচ্ছেন।
কার্ড ম্যনেজমেন্ট সিস্টেম (CMS) সফটওয়্যার থেকে ‘Madness’ স্ট্যাটাস দিয়ে সার্চ দিলে উপজেলাভিত্তিক ভোটারদের তালিকা পাওয়া যাবে। ওই তালিকা থেকে যেসব জাতীয় পরিচয়পত্র সচল করা প্রয়োজন, সেগুলো সচল করার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বরাবর চিঠি পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।