১ হাজার বাংলাদেশি লেবানন থেকে ফিরতে ইচ্ছুক

যুদ্ধ বিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবর্তনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একযোগে কাজ করছে।

এ বিষয়ে ইতোমধ্যেই পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালকের অংশগ্রহণে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জুম প্লাটফর্মে মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশের মিশন প্রধানরা যুক্ত ছিলেন।

বুধবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র সচিব লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেখানে অবস্থানরত যেসব প্রবাসী বাংলাদেশি দেশে আসতে ইচ্ছুক নয় তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে দূতাবাস থেকে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের তালিকাভুক্ত হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং প্রাথমিকভাবে প্রায় এক হাজার অভিবাসী কর্মী প্রত্যাবাসনে ইচ্ছুক বলে জানা গিয়েছে। লেবানন থেকে প্রত্যাবাসনে ইচ্ছুক সব বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট সবার সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করছে।