২০ মার্চ দুই মন্ত্রীকে ফের আদালতে হাজিরের নির্দেশ

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের করা সময়ের আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। আগামী ২০ মার্চ খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।  

তবে আজ মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আদালতে হাজির হন। আদালতে মোজাম্মেল হকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। কামরুল ইসলামের পক্ষে ছিলেন আবদুল বাসেত মজুমদার।
এর আগে সোমবার প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয় নিয়ে বিরূপ মন্তব্যের জন্য দুই মন্ত্রী নিঃশর্ত ক্ষমা চান এবং তাদের বক্তব্যের ব্যাখ্যা দেন। একই সঙ্গে সর্বোচ্চ আদালতের তলবে হাজির হতে এক সপ্তাহের সময়ের আবেদন জানিয়েছেন তিনি।

সোমবার বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড চৌধুরী মো. জাহাঙ্গীর ক্ষমা চেয়ে  আবেদনটি করেন। মঙ্গলবার সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক এ বিষয়ে আদালতে শুনানি করবেন।
গত ৮ মার্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে নয় বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করা হয়। নোটিশে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না-তা জানতে চাওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর চূড়ান্ত রায় নিয়ে সন্দেহ প্রকাশ করে এই দুই মন্ত্রী বিরুপ মন্তব্য করেন। এতে স্তম্ভিত হয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই নোটিশ জারি করেন। সরকারের দুই মন্ত্রীকে ১৫ মার্চ সকাল নয়টায় সর্বোচ্চ আদালতে হাজির হয়ে তাদের বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়। অন্যদিকে নোটিশের জবাব দিতে বলা হয় সোমবারের মধ্যে।
খাদ্যমন্ত্রীর সংশ্লিষ্ট আইনজীবীদের সূত্র জানায়, সোমবার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নোটিশের জবাব দাখিল করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বিদেশে রাষ্ট্রীয় সফরে থাকায় মঙ্গলবার সশরীরে হাজির থাকতে পারছেন না জানিয়ে এক সপ্তাহের সময়ের আবেদন করেছেন।

/ইউআই/এসটি/