সংস্কার কমিশনের প্রতিবেদনের পর নির্বাচনের দিকে এগোবে সরকার

১০০ দিনে দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এখন সংস্কারের কাজ করছে কমিশনগুলো। তাদের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলসহ স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা হবে। এরপর নির্বাচনের পথে এগোবে সরকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১০০ দিনের কাজের অগ্রগতি নিয়ে রবিবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে সাত সদস্যের কমিটি গঠন, বিকেএসপি আইন, ৪৫টি ক্রীড়া ফেডারেশনের সভাপতিদের অব্যাহতি দিয়ে ফেডারেশনের সংস্কারে সার্চ কমিটি গঠনসহ দেশে বেকারের হার কমাতে আগামী দুই বছরে ৫ লাখ বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করার তথ্য উঠে আসে সংবাদ সম্মেলনে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গেলো তিন মাসে অন্তর্বর্তী সরকার একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। দেশ একটি ট্রানজিশন সময় কাটিয়েছে। সে জন্য মন্ত্রণালয় সংক্রান্ত কাজ কমে হয়েছে। এখন সেখান থেকে পরিস্থিতি অনেকটা ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। এখন রাস্তায় আন্দোলনও কমেছে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার দিক দিয়ে তিন মাস আগে দেশ একটি ভঙ্গুর অবস্থায় ছিল। এখন সেখান থেকে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।’ 

আসিফ মাহমুদ বেলেন, ‘সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন সেটা কঠোরভাবে মনিটর করা হচ্ছে। সরকার বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছে। এর প্রভাব বাজারে পড়বে।’

তিনি বলেন, ‘যথেষ্ঠ সরবরাহ থাকার পরও এখনও বাজারে আলু এবং সবজির দাম বাড়ছে। এগুলো বাণিজ্য মন্ত্রণালয় থেকে মনিটর করা হচ্ছে।’