মন্ত্রণালয় সূত্র জানায়, গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেকের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব দিতে ৪টি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করে বিমান মন্ত্রণালয়কে। গ্রুপ ফোর, রেডলাইন, রেসট্রাটা এবং ওয়েস্টমিনিস্টার নামে চারটি প্রতিষ্ঠানের নাম ছিল সেই তালিকায়। এর মধ্যে রেডলাইন, রেসট্রাটা’কে প্রাথমিকভাব চূড়ান্ত করে আর্থিক প্রস্তাব দিতে জানিয়েছে মন্ত্রণালয়। তাদের আর্থিক প্রতিবেদন নিয়ে ১৯ মার্চ আন্তঃমন্ত্রণালয়ের সভায় চূড়ান্ত করে ২০ তারিখের মধ্যে দায়িত্ব দেওয়া হবে।
এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন ও কার্গো কমপ্লেক্সকে ঢেলে সাজাতে ব্রিটিশ প্রতিনিধি দল স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা দিয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা সেবার জন্য বেশকিছু প্রতিষ্ঠানের নাম তারা প্রস্তাব করেছে। দুটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে তাদের আর্থিক প্রস্তাব দিতে বলা হয়েছে।’
যুক্তরাজ্য গত ৮ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে লন্ডনে সরাসরি কার্গো পাঠানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক চিঠিতে প্রধানমন্ত্রীকে ৩১ মার্চের মধ্যে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার দৃশ্যমান উন্নতি না হলে ঢাকা-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং ঢাকা থেকে সরাসরি যুক্তরাজ্যে কার্গো ফ্লাইটের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারে সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে সরকার।
/সিএ/এজে/