তথ্য
এদিকে, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার রাতে তানভীর হাসান জোহার সঙ্গে ডিবি পুলিশের উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলমের কথা হয়েছে। তবে, কী কথা হয়েছিল, সে বিষয়ে কিছুই জানাননি তিনি।
বুধবার মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন তানভীর হাসান জোহা। ‘ইনসাইড ফাউন্ডেশন বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠানের পরিচালক তিনি। বুধবার রাতে মিরপুরের নিজ অফিস থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে কচুক্ষেত এলাকা থেকে অপহৃত হন তিনি।
এরআগে তানভীর হাসান জোহার স্ত্রী ডা. কামরুন নাহার তার স্বামী কোথায় আছেন, সাংবাদিকদের কাছে জানতে চান। একইসঙ্গে তিনি যেন নিরাপদে বাসায় ফিরতে পারেন সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে জোহার চাচা মাহবুবুল আলম রাজধানীর কলাবাগান, কাফরুল, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানায় সাধারণ ডায়েরি করতে যান। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ তার সাধারণ ডায়েরি গ্রহণ করেনি।
জোহার স্ত্রী ডা. কামরুন নাহার বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে জোহার সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তিনি তাকে জানিয়েছিলেন, সিএনজি চালিত অটোরিকশায় করে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছেন।
ওই সময় তিনি ক্যান্টনমেন্টের পাশ্ববর্তী কচুক্ষেত এলাকায় তাদের অবস্থান বলেও জানান। জোহার সঙ্গে থাকা বন্ধুর নাম ইয়ামির আহমেদ। রাত দেড়টার দিকে ওই বন্ধু তাদের ফোনে জানান, জোহা অপহৃত হয়েছেন।
মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, জোহার বন্ধু ইয়ামির আহমেদ তাদের জানান, একটি জিপ তাদের সিএনজির গতিরোধ করে তাদের দুজনকেই অস্ত্রের মুখে সিএনজি থেকে নামিয়ে নেয়। পরে তাদের মাথায় কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর ইয়ামিরকে মানিক মিয়া এভিনিউতে এনে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলে দ্রুত চলে যান। কিন্তু জোহাকে কোথায় কারা নিয়ে গেল সেটা আর তিনি জানাতে পারেননি।
তানভির হাসান জোহা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিভাগেও কাজ করেন। তবে, এই প্রকল্পটি গত দুই মাস ধরে স্থগিত আছে। শিগগিরই এ প্রকল্প চালু হওয়ারও কথা রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিভার্জ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ডলার সরিয়ে নেওয়ার ঘটনায় তদন্তের কাজে প্রযুক্তি সহায়তা দিতে তাকে ওই কমিটিতে নেওয়া হয়।
/জেইউ/এমএনএইচ/