বাংলাদেশে ২২০০ টন তেল পাঠালো ভারত

বাংলাদেশ-ভারত পতাকাশুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশকে ২২০০ টন জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। ওই তেল বহনকারী একটি ট্রেন বৃহস্পতিবার ভারতের শিলিগুড়ি থেকে রওনা হয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে। |
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে। ভারতের জ্বালানি ও প্রাকৃতিকসম্পদ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই যাত্রার উদ্বোধন করেন।
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা আগামীকাল শনিবার পার্বতীপুরে চালানটি গ্রহণ করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে সহায়তার একটি উজ্জ্বল পদক্ষেপ, যা ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে গৃহীত যৌথ ঘোষণা ‘নতুন প্রজন্ম,নয়া দিশা’য় বর্ণিত ছিল।
উল্লেখ্য, একটি যৌথ উদ্যোগ কোম্পানির মাধ্যমে এনআরএল’র শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল (পশ্চিমবঙ্গ) থেকে বিপিসি’র দিনাজপুর জেলায় পার্বতীপুর জ্বালানি পণ্য সংরক্ষণাগার পর্যন্ত ১৩০ কিলোমিটার ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফএল) বাস্তবায়নের জন্য ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকায় দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিপিসির প্রস্তাবিত শুভেচ্ছা মূল্যে এনআরএল ২২০০ টন গ্যাস অয়েলের প্রথম চালানটি সরবরাহ করেছে।

সূত্র: বাসস

/এনএস/এমএসএম