আসেন আসেন ডলার হাই রেট..., তারপর শ্রীঘরে

শাহজালাল বিমানবন্দরআসেন আসেন... ডলার ডলার... হাই রেট... বলে উচ্চস্বরে যাত্রীদের ডাকছিলেন হযরত শাহজালাল বিমানবন্দরের জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার আরিফ চৌধুরী। উচ্চশব্দ শুনে বুথের সামনে এগিয়ে যান বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ। তিনি সামনে গেলেও একইভাবে ওই অফিসার উচ্চস্বরে বলছিলেন, আসেন আসেন... ডলার ডলার... হাই রেট...!
এ ঘটনায় শেষ পর্যন্ত শ্রীঘরে জায়গা হয়েছে ওই অফিসারের। কারণ বিমানবন্দরে উচ্চস্বরে চেঁচামেচি ও যাত্রী হয়রানির বিষয়টি কঠোরভাবে নিষিদ্ধ।
বিমানবন্দরের পরিবেশ নষ্ট করাসহ পাবলিক নুইসেন্স ও যাত্রী হয়রানির অভিযোগে স্বীকারোক্তির ভিত্তিতে ওই অফিসারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা গেছে, হযরত শাহজালাল বিমানবন্দরে রয়েছে একাধিক মানি এক্সচেঞ্জ বুথ। যাত্রীদের ঠকানো, রিসিট না দিয়ে মুদ্রা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে এসব বুথের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে একাধিক ব্যাংক ও প্রাইভেট মানি চেঞ্জারের অনেক কর্মকর্তাকে একাধিকবার ম্যাজিস্ট্রেট জরিমানাও করেছেন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। দেশটা আমার আপনার সবার। বিমানবন্দরের যে কোনও ধরণের বেআইনি কাজ কঠোরভাবে দমন করা হবে।

/সিএ/এজে/