জোহা নিখোঁজের কোনও তথ্য পুলিশের কাছে নেই: আইজিপি

তথ্যপ্রযুক্তিবিদ তানভীর হাসান জোহার নিখোঁজ হওয়ার কোনও তথ্য পুলিশের কাছে নেই বলে জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তবে জোহার পরিবার পুলিশের কাছে সহযোগিতা চাইলে সর্বোচ্চ সহযোগিতাটুকু করার আশ্বাস দেন তিনি। পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক
শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় প্রয়োজনে বিদেশি গোয়েন্দা সংস্থারও সহায়তা নেওয়া হবে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অ্যান্টি-মানিলন্ডারিং সংস্থাগুলোর সঙ্গে তারা আলোচনা করেছেন। প্রয়োজন হলে তাদেরও সহযোগিতা নেওয়া হবে।
তিনি বলেন, নিউ ইয়র্ক, ফিলিপাইন, চায়না এবং শ্রীলঙ্কাতে ইন্টারপোলের (আন্তর্জাতিক পুলিশ সংস্থার) মাধ্যমে আমরা কিছু তথ্য দিয়েছি, যেন প্রয়োজনে বিদেশি অপরাধীদের ব্যাপারে পদক্ষেপ তারা নিতে পারে। নিউইয়র্ক থেকে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়গুলো দেখছেন তারা। প্রয়োজনে তদন্তে সংশ্লিষ্ট সিআইডির কর্মকর্তারা তদন্ত করতে ফিলিপাইন ও নিউইয়র্কে যাবেন।

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় গত ১৫ মার্চ ব্যাংকের যুগ্ম-পরিচালক যুবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

/জেইউ/এইচকে/