প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘হাসিনাবিহীন নির্বাচনের কথা বলে খালেদা জিয়া দেশে আবার ২১ আগস্টের মতো নতুন কোনও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’
তিনি বলেন, ‘বিএনপির কাউন্সিলে হাসিনাবিহীন নির্বাচন বলতে খালেদা জিয়া কী বোঝাতে চাচ্ছেন? ২১ আগস্টের মতো আবার গ্রেনেড হামলা বা অন্য নতুন করে হত্যার পরিকল্পনা করছেন কিনা? সেটাই হচ্ছে আমার প্রশ্ন। তিনি আরও কিছু একটা ষড়যন্ত্রের ঘোট পাকাচ্ছেন। কারণ আর অন্য কোনও পথ তার জানা নেই। চক্রান্ত, ষড়যন্ত্র ছাড়া খালেদা জিয়া ও বিএনপি কিছুই বোঝে না।’
রবিবার গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের সভায় সভাপত্বিকালে তিনি এসব কথা বলেন। তিনি কাউন্সিল পেছানোর জন্য সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কারণ হিসেবে উল্লেখ করেন।
এর আগেও প্রধানমন্ত্রীকে বহুবার হত্যার চেষ্টা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘রাখে আল্লাহ মারে কে? শকুনের দোয়ায় গরু মরে না। তারা বহুবার চেষ্টা করেছে, আল্লাহ বাঁচিয়েছেন। দেশবাসীর দোয়া আছে। নিশ্চয়ই দেশবাসীর কল্যাণের জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০০৪ সালের আরও একটু আগে যেতে চাই। কোটালিপাড়ায় আমি যখন সভা করতে গেলাম, সেখানে ৭৪ কেজি এবং ৭৬ কেজি ওজনের দুটি বোমা উদ্ধার করা হয়। সেখানে এসব উদ্ধার হওয়ার কথা নয়। ঠিক তার আগে একই ধরনের বক্তব্য তারা দিয়েছিল।’
আওয়ামী লীগের কাউন্সিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে যাচ্ছে। আমাদের সম্মেলনে যারা কাউন্সিলর, ডেলিগেট আসেন, তারা তৃণমূল থেকে আসেন। নির্বাচনের সময় সম্মেলন হলে তারা আসতে পারবেন না। সম্মেলনই একটা সময়, যখন সবাই মিলে আসে। তাই সেই সুযোগটা তাদের দিতে হবে।’ খবর বাসস।
/এসটি/