"গণতান্ত্রিক ছাত্র সংসদ" এর প্রকাশকালে মধুর ক্যান্টিনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সর্বস্তরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এলামনাই (এলামনাই অব অল প্রাইভেট ইউনিভার্সিটিজ)।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সর্বোচ্চ ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই সময় পুলিশ, ছাত্রলীগ এবং যুবলীগের সাঁড়াশি হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্ররা যখন সকল আশা হারিয়ে হল ত্যাগ করতে বাধ্য হচ্ছিল, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকার রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে।
প্রথম দিনেই, প্রথম ধাক্কায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৮ জন ছাত্র নিহত হয়। তবে তারা এক ইঞ্চি মাটি ছাড়েনি, তাদের সংগ্রাম ছিল অবিচল। তাদের এই ত্যাগ আন্দোলনকে নতুন গতি দেয়। জনসাধারণ তাদের পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমে আসে।
বিবৃতিতে আরো বলা হয়, ২৬ই ফেব্রুয়ারি "গণতান্ত্রিক ছাত্র সংসদ" এর প্রকাশকালে কমিটিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির দাবী উপরোক্ত বিষয়ের আলোকে আমাদের কাছে তাই সম্পূর্ণ যৌক্তিক এবং ন্যায়সংগত। তার বিপরীতে তাদের উপর হওয়া বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
সর্বস্তরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এলামনাই মনে করেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো বৈষম্য ছাড়াই তাদের ন্যায্য দাবি আদায় করতে সক্ষম। একইসাথে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে বর্বর হামলা হয়েছে, তার ন্যায়সঙ্গত বিচার করা হোক এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।