বাংলাদেশের নাগরিকত্ব নিতে বিদেশিরা তেমন আগ্রহী না: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিসভার বৈঠকবিদেশিরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সেজন্য নানারকম সুবিধার ব্যবস্থা করেছে সরকার। এমনকি মোটা বিনিয়োগ করে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার সুযোগও রয়েছে তাদের জন্য। রয়েছে দীর্ঘমেয়াদী ভিসারও সুবিধা। যদিও নাগরিকত্ব পেতে এবার দ্বিগুণ বিনিয়োগ করতে হবে আগ্রহী বিদেশিদের।
নাগরিকত্ব দিতে সরকার যে এত সুবিধা দিচ্ছে তার কতটা গ্রহণ করছে বিদেশিরা? এ পর্যন্ত কতজনই বা সরকার নির্ধারিত অর্থ বিনিয়োগ করে এ দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন?- সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকরা এমন সব প্রশ্নও করেছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে। জবাবে অল্পভাষী সচিব বলেন, বিদেশিরা বাংলাদেশের নাগরিকত্ব পেতে বেশি আগ্রহী না। তবে তাদের জন্য এই সুযোগ ওপেন রাখা হয়েছে।
ইতিপূর্বে কতজন বিদেশি বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন সে সম্পর্কে তার কাছে কোনও তথ্য নেই বলে জানান তিনি।
সচিব জানান, ‘জাতীয় শিল্পনীতি ২০১৬’-তে বিদেশিদের জন্য নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি রাখা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শিল্পনীতির খসড়ার অনুমোদন দেওয়া হয়।

সচিব বলেন, নতুন শিল্পনীতির ১২.৭ অধ্যায়ে বলা হয়েছে- কোনও বিদেশি নাগরিক বাংলাদেশে ১০ লাখ ডলার সরাসরি বিনিয়োগ করলে অথবা ২০ লাখ ডলার কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে তাকে বাংলাদেশের নাগিরকত্ব দেওয়া হবে। আগে ৫ লাখ ডলার সরাসরি বিনিয়োগ করলে অথবা ১০ লাখ ডলার কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে তাকে নাগরিকত্ব দেওয়ার সুযোগ ছিল।

পাঁচ বছরের জন্য কোনও বিদেশি বাংলাদেশে বৈধভাবে বসবাস করতে চাইলে তাদের ফি দিতে হবে দুই লাখ মার্কিন ডলার। বর্তমানে দিতে হচ্ছে ৭৫ হাজার ডলার।

/ওএফ /এএইচ/