অন রেকর্ডে বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, নারীদের সুযোগ দিলে তারা ভালোই করবেন। দিয়ে দেখা যেতে পারে। আর অফ দ্য রেকর্ডে সেই একই ব্যক্তি বলেন, থানায় ওসির দায়িত্ব পালন ‘হার্ডওয়ার্ক’। এটা সামলানো নারীর জন্য ঝামেলা।
রাজধানীতে মোট ৪৯টি থানা রয়েছে। এরমধ্যে কোনও থানায় নারী ওসি নেই। যদিও এই পদের যোগ্য নারীর সংখ্যা কম নয় বলে জানিয়েছে প্রশাসন। বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম নারী ওসি হোসনে আরা। ২০০৯ সালের ১৭ মে তিনি ওসি হিসেবে নিয়োগ পান। এর আগে বা পরে কোনও নারী এ পদে দায়িত্ব পাননি। এই না পাওয়ার পেছনে নারীর ‘দুর্বলতা’কে সামনে আনা হয় বলে মন্তব্য করেছেন নারী কর্মকর্তারা। তবে, তারা এখন নাম প্রকাশে আগ্রহী না।
আজ পর্যন্ত হোসনে আরা ছাড়া আর কাউকে থানার দায়িত্বে দেখতে না পাওয়ার কারণ হোসনে আরা নিজেই বলেন,ওসিগিরি এমন কোনও বিশেষ কাজ না। সেখানে লাঠালাঠি, হাতাহাতি করা লাগে না। যোগ্য নারী পুলিশ নিয়োগ দিয়েছে সরকার, তাদের মধ্য থেকে ওসি পদে বেছে নিলেই হলো। এক্ষেত্রে পুরুষ সহকর্মীদের সহমর্মী হতে হবে।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে রমনা এলাকার এক থানার ওসি বলেন, থানার ভেতরে সন্ত্রাসীদের সামলানো নারীর কর্ম নয়। এমনকি নারী ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলে অনেকসময় বাড়তি কিছু ঝামেলা তৈরি হতে পারে। কী ধরণের বাড়তি ঝামেলা জানতে চাইলে তিনি বলেন, সন্ত্রাসীরা নানা বিষয়ে ওসির পরের যারা অফিসার তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চান। এতে যেটা হয়, চেইন অব কমান্ডে সমস্যা হয়।
ধানমণ্ডি মডেল থানার ওসি নূরে আযম মিয়া বলেন, নারী সহকর্মী যারা আছেন, তারা পারবেন না, এমনটা আমরা মনে করি না। তবে, থানাতেই আসতে হবে কেন, অন্য অনেক রকমের গুরুত্বপূর্ণ কাজতো আছে, সেগুলোও করতে পারেন তারা।
যোগ্যতা নিয়ে একজন নারী কর্মকতা কেন থানার দায়িত্ব পালন করতে পারবেন না বলে মনে করছেন তার সহকর্মীরা—জানতে চাইলে নারীনেত্রী আয়শা খানম বলেন, এটা পুরুষতান্ত্রিক মানসিকতার ফসল। নারী থানার দায়িত্ব নিলে, সে থানা নারীবান্ধব হয়ে মডেল থানায় পরিণত হতে পারে। নারীকে তার যোগ্যতার প্রমাণ দিতে হয় সবসময় এবং একজন নারী দীর্ঘদিন থানা পরিচালনা করে উদাহরণও সামনে হাজির করে দিয়েছেন। এরপরও দৃষ্টিভঙ্গি পরিবর্তন না ঘটা হতাশাজনক।
এদিকে, নারীরা নিজেই ডেস্কজবে আগ্রহী বেশি বলে মন্তব্য করেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) শাহাবুদ্দিন কোরেশি। তিনি বলেন, আমি যতটুকু বুঝি, নারীরা থানায় ওসির দায়িত্ব পালন বা অপরারেশনাল জবের থেকে ডেস্কজবে সাচ্ছন্দ্য বোধ করেন। সব জায়গায় সব পদে নারী কাজ করলে, এখানে কেন করতে পারবেন না- এমন প্রশ্নে তিনি বলেন, সব জায়গা আর পুলিশের কাজতো এক নয়। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা যেতে পারে।
/এমএনএইচ/আপ-এপিএইচ/