ধর্মান্তরিত মুক্তিযোদ্ধাকে হত্যার দায় স্বীকার করেছে আইএস

হোসেন আলীর মৃতদেহকুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)। এই হত্যাকাণ্ড অন্যদের জন্য একটি ‘শিক্ষা’ হয়ে থাকবে বলে দাবি করেছেন তারা। অনলাইনে জঙ্গিদের কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ‘সাইট’ বুধবার এ তথ্য জানায়।
আইএসের বরাত দিয়ে সাইট তাদের ওয়েবসাইটে জানায়, আইএস দাবি করেছে, মঙ্গলবার নিহত হোসেন আলী সরকার ‘ধর্মপ্রচারক’ ছিলেন। ‘নিরাপত্তায় বিচ্যুতি’র সুযোগে তাকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনা অন্যদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে।
উল্লেখ্য, এর আগে গত বছরের শেষ দিকে ঢাকায় ইতালির নাগরিক তাভেল্লা সিজার ও রংপুরে জাপানি নাগরিক ওসি কুনিওকে হত্যার দায়ও স্বীকার করে আইএস। তবে পু্লিশ এসব হত্যাকাণ্ডের জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাদিহিন বাংলাদেশকে (জেএমবি) দায়ী করে।
মঙ্গলবার ধর্মান্তরিত মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। কুড়িগ্রামের পুলিশ সুপার তবারক উল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হলেও পুলিশ কয়েকটি বিষয় নিয়ে তদন্ত করছে। এর মধ্যে পারিবারিক বিরোধ, বসতবাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব এবং অন্যান্য সম্ভাব্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ১৯৯৯ সালে হোসেন আলী ধর্মান্তরিত হন বলে জানায় পুলিশ।

সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, নিহতের বাড়িতে এক সপ্তাহ আগে বশির নামে একজন ভাড়াটে থাকা শুরু করেন। কিন্তু গতকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তার বাড়ি রংপুরের মাহিগঞ্জ এলাকায় বললেও কোনও ছবি কিংবা সঠিক ঠিকানা পরিবারের পক্ষ থেকে জানাতে পারেনি।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের গাড়িয়াল পাড়া এলাকায় আশরাফিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়িতে প্রবেশের সময় তিন দুর্বৃত্তের হাতে নিহত হন মুসলমান থেকে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী।

/এফএস/এজে/