২৬ মার্চ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন এলাকায় গাড়ি চলাচলের বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। চলাচলের শৃঙ্খলা রক্ষায় এসব নির্দেশনা মেনে চলতে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বঙ্গভবনের আশেপাশের এলাকায় চলাচলরত গাড়ি চালকদের ওইদিন দুপুর ১২টা থেকে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কিছু নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ডিএমপি।ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সামরিক, আধা-সামরিক ও সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি কূটনৈতিক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এজন্য ওই অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলে শনিবার দুপুর ১২টা থেকে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনগুলো প্রবেশ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহাদ বক্স থেকে ইত্তেফাক পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ এবং আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক অভিমুখী কোনও ধরনের যানবাহন চলাচল না করার অনুরোধ জানিয়ে ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্থানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে অথবা অন্য কোনও সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করতে পারবে।
এই ট্রাফিক ব্যবস্থাপনার কারণে নির্দিষ্ট এলাকায় যানবাহন চলাচলে সাময়িক বিঘ্নের কথা উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। এই ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতাও চাওয়া হয়েছে।
ডিএমপি’র বৃহস্পতিবার প্রকাশিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ভোরে সব স্তরের জনগণ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন। এ উপলক্ষে ওইদিন ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোকে গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোডের পরিবর্তে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-উত্তরা-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করার অনুরোধ করা হয়েছে।
এছাড়া আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী সব যানবাহন নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করতে পারবে। অপরদিকে টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবহনগুলো কালিয়াকৈর-গাজীপুর-চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
/এফএস/