বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমরা এলপিজি আমদানি করি ৬৫ টাকায়, আর বিক্রি করি ৩০ টাকায়।
মঙ্গলবার (৩ জুন) বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় ফাওজুল কবির বলেন, এবারে বিদ্যুৎ ও এলপিজির দাম কমানো হয়েছে। আমরা এলপিজি আমদানি করি ৬৫ টাকায়, বিক্রি করি ৩০ টাকায়। জ্বালানি বিভাগ থেকে এলপিজি ও জ্বালানি তেলের দাম কমিশন করা হয়েছে। এবারের এই বাজেট অপচয় অসংগতি কমানোর বাজেট। এই বাজেটকে ব্যতিক্রমী বাজেট বলবো।
উপদেষ্টা বলেন, প্রস্তাবিত বাজেটে জ্বালানির দাম কমানো হয়েছে। এলপিজি, গ্যাসের জন্য ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এটা করা হয়েছে সাধারণের মধ্যে স্বস্তি দিতে। তিনি বলেন, জ্বালানির দাম কমানোর ফলে গাড়ি ভাড়া কমবে।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি চাঁদাবাজিকে সীমিত করার। আমরা সড়ক বিভাগ থেকে চাঁদাবাজিকে সীমিত করতে পুলিশের সঙ্গে কাজ করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী; বাণিজ্য বিমান বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন; মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ; কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।