ব্রাসেলসের সন্ত্রাসী হামলার সঙ্গে বিএনপি- জামায়াত জড়িত

ড. হাছান মাহমুদস্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তনুর হত্যাকরীরা যত বড়ই হোক না কেন তাদেরকে দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত ‘সন্ত্রাস-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিশ্বের সকল জাতি, ধর্ম, বর্ণ ও গোত্রের ঐক্য চাই এবং ব্রাসেলসে সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে’ এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সাবেক এ মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,‘ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকারীদের দ্রুতই চিহ্নিত করতে হবে। শুধু তাই নয় ওই হত্যাকারীদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’
সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে বলেন, ‘সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট এলাকায় এমন হত্যাকাণ্ডই আগাম বার্তা জানিয়ে দিচ্ছে যে, সন্ত্রাসীরা ফের মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তাই এদের সমূলে  উৎপাটন করতে  হবে’
ব্রাসেলসে সন্ত্রাসী বোমা হামলা ও বাংলাদেশে বিগত সময়ে বিদেশি হত্যাকাণ্ড, পেট্রোল বোমা হামলায় মানুষ হত্যা, ব্লগার-লেখক হত্যা সবই একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত। এসব আন্তর্জাতিক সন্ত্রাসীদের সঙ্গে জামায়াতের গভীর যোগাযোগ রয়েছে।’

সংগঠনের সভাপতি এম. এ জলিলের সভপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আ. লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

এসআইএস/  এপিএইচ/